শপথ গ্রহণ করেছেন জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা
- আপডেট সময় : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে দ্বিধা প্রকাশ করলেও, শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
বেলা ১০টা ৫০ মিনিটে জামায়াতের সদস্যরা সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। এর আগে সকাল ৯টা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।
রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা পৌনে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর কাছে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর জামায়াতের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।
এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের শপথ বাদ দিয়ে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় রাজনৈতিক দলগুলো এক ধরনের নয়া নজির স্থাপন করেছে।



















