টি-টোয়েন্টির জন্য নতুন নিয়মের প্রবর্তন করলো আইসিসি
- আপডেট সময় : ০৮:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
নতুন বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য নতুন এক নিয়মের প্রবর্তন করলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। এর ফলে এখন থেকে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে স্লো-ওভার রেট ধরা পড়লে ম্যাচ চলাকালেই শাস্তি পেতে হবে ফিল্ডিং দলকে।
শুধু স্লো-ওভার রেটের নিয়মেই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ইনিংসের মাঝে পানি পানের বিরতির অনুমতি দিয়েছে আইসিসি। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এসব নিয়মের ব্যবহার শুরু হবে। আইসিসির দেয়া সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, ফিল্ডিং দলকে অবশ্যই পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি তারা সেই অবস্থায় না থাকে, তাহলে ইনিংসের বাকি সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। শেষ ওভার করার জন্য নির্ধারিত সময় ঠিক করবেন মাঠের দুই আম্পায়ার। যা তাদেরকে ইনিংস শুরুর আগেই জানিয়ে দেয়া হবে। এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজেও এখন থেকে ইনিংসের মাঝে আড়াই মিনিটের বিরতি নিতে পারবে যে-কোনো দল। তবে এ বিষয়ে সিরিজ শুরুর আগেই অংশগ্রহণকারী দুই দলের মধ্যে সমঝোতায় পৌঁছাতে হবে।


























