১৩ সিটিতে এককভাবে লড়বে জামায়াত
- আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মাধ্যমে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন কৌশল নিয়েছে জামায়াতে ইসলামী। আসন্ন ১৩ সিটি করপোরেশন নির্বাচনে দলটি এককভাবে মেয়র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতের দলীয় সূত্র বলছে, ‘স্থানীয় নির্বাচন হবে স্থানীয়ভাবেই’- এই নীতিতে প্রার্থী বাছাই করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সুপারিশ ও সাংগঠনিক শক্তিকে গুরুত্ব দিয়ে প্রায় সব সিটিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
ঢাকার দুই সিটিতে প্রার্থী সেলিম ও সাদিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী করা হয়েছে মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে। অন্যদিকে, ঢাকা দক্ষিণে প্রার্থী করা হয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে।
দলটির নেতারা বলছেন, ঢাকার দুই সিটিতে মেয়র পদে কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা নেই। তবে জোটের শীর্ষ পর্যায়ে বিশেষ কোনো সিদ্ধান্ত হলে এক-দুইটি সিটিতে সমঝোতার সুযোগ থাকতে পারে।
দক্ষিণ সিটিতে সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থিতা এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রার্থিতার সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি করতে পারে।
চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় অভিজ্ঞ নেতারা
চট্টগ্রাম সিটি করপোরেশনে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে প্রার্থী করেছে জামায়াত। বরিশালে প্রার্থী করা হয়েছে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে।
খুলনা সিটি করপোরেশনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। রংপুরে মহানগর আমির এটিএম আজম খানকে প্রার্থী করা হচ্ছে।
গাজীপুর ও নারায়ণগঞ্জে তরুণ নেতৃত্ব
গাজীপুর সিটি করপোরেশনে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত। তিনি দীর্ঘদিন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
নারায়ণগঞ্জে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারকে মেয়র প্রার্থী করা হয়েছে। সাবেক ছাত্রনেতা হিসেবে তার সাংগঠনিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে দলটি।
রাজশাহী, বগুড়া, সিলেট ও ময়মনসিংহ
রাজশাহী সিটি করপোরেশনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থী করেছে জামায়াত। বগুড়া সিটিতে সাবেক জিএস আ.খ.ম. আব্দুল মালেককে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া সিলেটে মাওলানা লোকমান আহমদ এবং ময়মনসিংহে অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের নাম দলীয়ভাবে বিবেচনায় রয়েছে। কুমিল্লায় মহানগর জামায়াতের আমির মোসলেহ উদ্দিনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় জোট, স্থানীয় নির্বাচনে আলাদা কৌশল
জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে উঠেছিল। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেই সমীকরণ সরাসরি প্রয়োগ করতে চাইছে না দলটি।
জামায়াতের নেতাদের বক্তব্য, স্থানীয় নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংক যাচাই করতেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সমঝোতার পথ খোলা রাখা হয়েছে।
























