হরমুজ প্রণালিতে মাইন অপসারণ বিষয়টি তুরস্ক বিবেচনা করতে পারে : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির পর হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নেওয়ার বিষয়টি তুরস্ক বিবেচনা করতে পারে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।
লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো চুক্তি হলে একটি আন্তর্জাতিক টেকনিক্যাল দল গঠন করা হতে পারে, যারা হরমুজ থেকে মাইন সরানোর কাজ করবে। তুরস্ক নীতিগতভাবে এ ধরনের মানবিক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখে। তিনি আরও জানান, ওই আন্তর্জাতিক টিমের মাধ্যমে মাইন অপসারণের কাজ হলে তুরস্কের এতে অংশ নিতে ‘কোনো আপত্তি নেই’।
তবে হাকান ফিদান সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি এই টেকনিক্যাল জোট কোনোভাবে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তুরস্ক তার অবস্থান পুনর্বিবেচনা করবে।
এদিকে তিনি আরও মন্তব্য করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে ইস্যু রয়েছে, তা পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ২য় দফার আলোচনায় সমাধান হতে পারে বলে তিনি আশা করেন।


























