শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
- আপডেট সময় : ০৪:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
গুমের ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করার অভিযোগ
স্পিকার বলেন, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা দিতেন। তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করতেন। তবে তার অভিযোগ, এসব ঘটনার আড়ালে গুমের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল।
তার ভাষ্য, গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেখ হাসিনা জানতেন তারা কোথায় আছেন। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন বিভিন্ন সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়েছে।
স্পিকার আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর শেখ হাসিনার ভূমিকা নিয়ে জনগণের কাছে অনেক কিছু স্পষ্ট হয়েছে।
তিনি দাবি করেন, একজন ব্যারিস্টারকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি মুক্ত হন এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ
বিগত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগও করেন স্পিকার। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, সেখানে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
লালমোহনের স্থানীয় রাজনীতি নিয়ে অভিযোগ
লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিগত সরকারের সময়ে এলাকার স্থানীয় সংসদ সদস্য ছিলেন একজন ‘শীর্ষ সন্ত্রাসী ও খুনি’।
তিনি অভিযোগ করেন, ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তার নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। এ সময় রামদা দিয়ে কুপিয়ে কয়েকজনকে আহত এবং বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও দাবি করেন তিনি।




















