রামপুরা হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ; হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল
- আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানকালে ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং দুজনকে হত্যার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, রায়ে একজনকে যাবজ্জীবন ও একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সাক্ষরের পর বুধবার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়টি পাওয়ায় এর বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্ত ও গ্রেফতার আসামিরা। বিচারপতিদের স্বাক্ষরের পর প্রকাশ করা ১৪৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ঘটনার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের বিবরণ তুলে ধরা হয়েছে। রায়ে বলা হয়, মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র এবং রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের করা সাধারণ ডায়েরি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা এলাকায় সংঘটিত ঘটনায় রামপুরা থানা ও রামপুরা পুলিশ ফাঁড়ির সদস্যরা চায়না রাইফেল, শর্টগান ও পিস্তল ব্যবহার করেন। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ওই দিন চায়না রাইফেল থেকে ৫৫৩ রাউন্ড, পিস্তল থেকে ২৮ রাউন্ড, শর্টগান থেকে ৩২৩ রাউন্ড রাবার বুলেট এবং ৭৭১ রাউন্ড সিসার (লেড) বুলেট ছোড়া হয়। ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রাণঘাতী ও কম প্রাণঘাতী- উভয় ধরনের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছিলেন।























