যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
- আপডেট সময় : ১১:২০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হতাহতের ঘটনায় করা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হত্যা ও হত্যাচেষ্টার মামলা দুটির তদন্ত শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এসব অভিযোগপত্র দেওয়া হয়।
একই সঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
যে দুই মামলায় অভিযোগপত্র
মামলা দুটি হলো নাদিম হত্যাচেষ্টা মামলা এবং বাবুল মৃধা হত্যা মামলা। যাত্রাবাড়ী থানার দুই উপপরিদর্শক (এসআই) পৃথকভাবে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিভাগের এসআই মহিন উদ্দিন জানান, শিগগিরই আদালতে অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
নাদিম হত্যাচেষ্টা মামলায় ৩০ জন আসামি
যাত্রাবাড়ী থানার নাদিম হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে গত ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল।
এ মামলায় অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ৬৬ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এ ছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনও এ মামলার আসামি।
বাবুল মৃধা হত্যা মামলায় ৩৩ জন
জুলাই আন্দোলনের সময় রাজমিস্ত্রি মো. বাবুল মৃধা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত ১৩ আগস্ট যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান এ অভিযোগপত্র দেন। এ মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় ৩৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
এ ছাড়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং কয়েকজন সাবেক সংসদ সদস্যও আসামির তালিকায় রয়েছেন।
অব্যাহতির সুপারিশ যাদের
দুই মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও আনোয়ারুল ইসলাম রয়েছেন।
এ ছাড়া সাবেক নির্বাচন কমিশনার ও সচিব আনিসুর রহমান, সাবেক সচিব ফয়েজ আহমেদ, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও আহমেদ কায়কাউসের নামও রয়েছে।
অব্যাহতির সুপারিশের তালিকায় সাবেক সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী, সাবেক আইজিপি শহিদুল হক এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসানও রয়েছেন।




















