মূল্যবৃদ্ধির পরও জ্বালানি সংকটের কোনো পরিবর্তন নেই
- আপডেট সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
অসহনীয় গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের। চাপ কিছুটা কমলেও অনেক ক্ষেত্রে ৭ থেকে ৮ ঘণ্টা অপেক্ষার পর জ্বালানি মিলছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এটি এখন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আর জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ছাড়া তেল দেয়া হচ্ছে না।
এদিকে, গাড়ির চালকরা বলছেন, ফুয়েল পাস থাকলে ১৪০০ টাকার দিচ্ছে, কিন্তু ফুয়েল পাস ছাড়া তেল দিচ্ছে না অনেক পাম্প। সরকার বলছে কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে তেল পাওয়া যাচ্ছে না। এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী ডিপোগুলো থেকে ২০ শতাংশ অকটেন এবং পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ করে বেশি সরবরাহ করার কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও শুধু খুলনা ডিপোতে বর্ধিত তেল সরবরাহ করা হয়েছে। ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে অবৈধ মজুত কমবে বলেও তারা আশা প্রকাশ করেন। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে সফল হলে ধাপে ধাপে দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।


























