মনোহরগঞ্জে মাদক ও কিশোর অপরাধকে ‘না’ বললো শিক্ষার্থীরা
- আপডেট সময় : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সোমবার (৩ আগস্ট) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ-এর উদ্যোগে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর হাওলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম শেখ কামাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস এম শেখ কামাল বলেন, “বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশ।
তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহার থেকে নিজেদের দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘ যে উদ্যোগ নিয়েছে, তা শিক্ষার্থীদের সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদ এবং সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ ইয়াছিন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
উল্লেখ্য, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।





















