ভিসা জটিলতায় বাতিল অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর
- আপডেট সময় : ০১:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ড সফরের পরিকল্পনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। তবে শেষ মুহূর্তে ভিসা পেলেও সফর বাতিল করতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
থাইল্যান্ডে ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দীর্ঘদিন ভিসা জটিলতায় ফ্লাইট ও ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ কারণে ইন্দোনেশিয়া আগেই অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। ফলে ভিসা হাতে পেলেও থাইল্যান্ডে যাওয়া হচ্ছে না বাংলাদেশের।
এর আগে ১৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নির্ধারিত প্রস্তুতি ম্যাচটিও ভিসা সমস্যার কারণে বাতিল হয়। সম্প্রতি থাইল্যান্ডের ভিসা না পাওয়ায় কয়েকজন বাংলাদেশি ক্রীড়াবিদের বিদেশ সফরও আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।
থাইল্যান্ড সফর বাতিল হওয়ায় এখন ঢাকাতেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। স্থানীয় ক্লাব ফর্টিজ ও পুলিশের বিপক্ষে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন সফর থেকেও সরে আসে দলটি।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে ঘিরে এশিয়া কাপের মূলপর্বে খেলার আশা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করেছে দলটি। বর্তমানে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করছে তারা।
ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। এই দলে রয়েছেন পাঁচজন প্রবাসী ফুটবলার।
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও রয়েছে ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে দলটি।


























