ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী টুকু
- আপডেট সময় : ০৫:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ধর্মীয় ভেদাভেদ ভুলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেছেন, বাংলাদেশ সবার। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু নয়, প্রত্যেক নাগরিকের পরিচয় বাংলাদেশি। ধর্মীয় পরিচয় যা-ই হোক, সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সাভারে শ্রীশ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ধর্ম যার যার, দেশ সবার’
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এই দেশটি আমাদের সবার। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কথা নেই। সবার পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।’
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সবাই মিলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চান বলেও জানান তিনি।
দুর্গাপূজার অনুদান বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজার অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকে নিরাপদে বসবাস করতে পারবেন এবং একে অপরের কল্যাণে কাজ করবেন।
শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে ও নির্যাতন চালিয়েছে, এমন মানসিকতার মানুষকে তাঁরা বাংলাদেশে দেখতে চান না। তাঁরা এমন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চান, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে।
ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের মানুষের বিপক্ষে কাজ করেছে, তারা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা যতই হুমকি-ধমকি দিক না কেন, জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
























