ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর
- আপডেট সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা তিনদিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি।
একই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে।মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ।
স্থলবন্দর সূত্র জানায়, নির্বাচন উপলক্ষ্যে ২১ এপ্রিল মঙ্গলবার থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত টানা বন্ধ থাকবে আমদানি–রপ্তানি। শুক্রবার সরকারি ছুটির কারণে সেদিনও আমদানি–রপ্তানি হবে না। সাপ্তাহিক ছুটিসহ চারদিন পর শনিবার সকাল থেকে আবারও সচল হবে স্থলবন্দর।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, ‘সাপ্তাহিক ছুটিসহ চারদিন বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও শুক্রবার থেকে ইমিগ্রেশন চেকপোষ্ট চালু থাকবে। তিনদিন পর চেকপোষ্ট দিয়ে ভারত, নেপাল ও ভূটানে যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।

























