বিশ্বজুড়ে ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণের সুবিধার্থে ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
তবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত কতদিন থাকবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো এমন আবেদনকারীদের শনাক্ত ও যাচাই করা, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এর মাধ্যমে ভিসা আবেদনগুলো আরও ব্যাপক ও ধারাবাহিকভাবে মূল্যায়ন নিশ্চিত করতে চায় দেশটির প্রশাসন।
এদিকে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকার আগে থেকেই নির্ধারিত ছিল, তাদের অনেকেই ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের তথ্য পেয়েছেন।
ই-মেইলে জানানো হয়েছে, তাদের নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে কড়াকড়ির মধ্যেই বিশ্বজুড়ে মার্কিন ভিসা প্রক্রিয়ায় এই পরিবর্তন এলো। ফলে যুক্তরাষ্ট্রে অভিবাসন বা ভিসার জন্য অপেক্ষায় থাকা আবেদনকারীদের নতুন করে সাক্ষাৎকারের সময়সূচির জন্য অপেক্ষা করতে হতে পারে।




















