ফেনীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুরে শিশুর মরদেহ
- আপডেট সময় : ০৪:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৯১৫ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামে এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা ও মায়ের পরিবারের পাল্টাপাল্টি অভিযোগে মৃত্যুর রহস্য ঘনীভূত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের মোজাফফর বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিখোঁজের পর শিশুর দাদা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শিশুর মা দাদাসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরিবারের বিরোধের জেরে শিশুটিকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে মায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























