নিরাপত্তা সপ্তাহ উদযাপন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
- আপডেট সময় : ১২:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো নিরাপত্তা সপ্তাহ উদযাপন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ কর্মসূচির মূল লক্ষ্য সুষ্ঠু ও নিরাপদ অপারেশনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং সমৃদ্ধ বন্দর উপহার দেয়া। বন্দরের কর্মকর্তারা বলছেন, শুধু স্থাপনা নয় বন্দরেরর প্রত্যেক শ্রমিক-কর্মচারী ও অংশীজন, সবার জানমাল, সম্পদ ও বন্দরের যন্ত্রপাতি সব কিছুকে একই ছাতার নিয়ে এসে নিরাপদ বন্দর নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এবং কন্টেইনারের ৯৮ শতাংশ পরিচালনা করে চট্টগ্রাম বন্দর। তবে চট্টগ্রাম বন্দর শুধু পণ্য আমদানি-রপ্তানিই করে না, বরং শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিকাশেও সহায়তার মাধ্যমে সামগ্রিক অর্থনীতির মেরুদন্ড হিসেবে কাজ করে। দেশের রাষ্ট্রায়ত্ত সবচেয়ে লাভজনক একক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এই বন্দরে প্রথমবারের মত পালন করা হচ্ছে নিরাপত্তা সপ্তাহ।
সপ্তাহব্যাপী এ আয়োজনে বন্দরের মেরিন, মেকানিক্যাল, ট্রাফিকসসহ সব বিভাগের নিরাপত্তা ব্যবস্থা ও অপারেশনের ঘাটতি পর্যালোচনা করে পদক্ষেপ নেয়া হবে। সেই সঙ্গে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের মহড়া ও অনুশীলন কার্যক্রমের মাধ্যমে বিশ্বে নিরাপদ বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের সুনাম বজায় রেখে উৎপাদনশীলতা আরও বাড়াতে নজর দেয়া হবে।
এছাড়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট দুর্ঘটনায় প্রত্যেকটি বিভাগের কার্যকর সমন্বয়ের মাধ্যমে কিভাবে সংকট উত্তরণ করা যায় সেটি নিশ্চিত করা হবে।
বন্দরের সার্বিক সুবিধা বাড়ালে, আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ করা গেলে চট্টগ্রাম বন্দর এবং এর সংশ্লিষ্ট অন্যান্য বন্দর ও টার্মিনালের মাধ্যমে এটি অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

























