নতুন স্বীকৃত টাইপ-৫ ডায়াবেটিস: লক্ষণ ও স্বাস্থ্যঝুঁকি
- আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ডায়াবেটিসের পরিচিত ধরনগুলোর বাইরে সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় এসেছে টাইপ–৫ ডায়াবেটিস। দীর্ঘদিনের অপুষ্টির কারণে এ ধরনের ডায়াবেটিস হতে পারে বলে মনে করছেন গবেষকরা। তবে এটি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর স্বীকৃত কোনো পৃথক ডায়াবেটিসের ধরন নয়। সংস্থাটির মতে, এ বিষয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে, বিশ্বের ২৫১টি জাতীয় ডায়াবেটিস সংগঠনের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) গত বছর টাইপ–৫ ডায়াবেটিসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
গবেষকদের ধারণা, বিশ্বজুড়ে প্রায় আড়াই কোটি মানুষ টাইপ–৫ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে রোগটি সম্পর্কে সচেতনতার অভাব এবং অন্যান্য ধরনের ডায়াবেটিসের সঙ্গে গুলিয়ে ফেলার কারণে অনেক রোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গ্লোবাল ডায়াবেটিস ইনস্টিটিউটের পরিচালক ড. মেরেডিথ হকিন্স বলেন, টাইপ–৫ ডায়াবেটিস শনাক্ত করতে না পারা একটি বড় বৈশ্বিক সমস্যা। তার ভাষায়, ভুলভাবে ইনসুলিন প্রয়োগের ফলে কিছু রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী জটিলতাও তৈরি হতে পারে।
তিনি বলেন, “আমরা যেসব তরুণকে দেখেছি, তাদের অনেকেই সকালে আর জেগে উঠেনি।” তার মতে, সঠিক রোগনির্ণয় না হওয়ায় অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় ইনসুলিন ব্যবহার রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়। ফলে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বর্তমানে বিশ্বজুড়ে ৮৩ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।
টাইপ–৫ ডায়াবেটিস নিয়ে গবেষণা এখনো চলমান। বিশেষজ্ঞদের মতে, এর প্রকৃতি, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং কার্যকর চিকিৎসা সম্পর্কে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন, যাতে অপুষ্টিজনিত এই সম্ভাব্য ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসা পেতে পারেন।



























