সমালোচনার মুখে হ্যান্ডকাফ পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
- আপডেট সময় : ০১:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানও রয়েছেন। তাঁকে হ্যান্ডকাফ, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এভাবে তাঁকে হাজির করা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আসামিদের আনা হয়। প্রথমে ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বেলা ১২টা ১ মিনিটে প্রিজনভ্যান থেকে নামানো হয় জিয়াউল আহসানকে।
কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আসামিরা
প্রিজনভ্যান থেকে নামানোর পর আসামিদের নিরাপত্তার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্যদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। পাশাপাশি তাঁদের শরীরে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। মাথায়ও পরানো হয়েছিল হেলমেট। পরে তাঁদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
এদিন হাজির করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
এ ছাড়া রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। অন্যদের মধ্যে আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। রয়েছেন ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
আসামিপক্ষের শুনানি আজ
এদিন ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ইনু ও আবদুল লতিফ সিদ্দিকীসহ অধিকাংশের মুখে গাম্ভীর্য দেখা যায়। তবে শামসুল হক টুকুর মুখে স্বাভাবিক হাসি দেখা গেছে।
৪১ আসামির বিরুদ্ধে দুটি অভিযোগ
গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য ১৬ নভেম্বর তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে। ওই ঘটনায় মতিঝিলে ৩২ জনকে হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটির বিচার চলছে।




















