দীপিকার ‘ফেক প্রেগন্যান্সি’ বিতর্কে নতুন মোড়, ইনফ্লুয়েন্সারের পোস্টে লাইক
- আপডেট সময় : ০৩:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবরের মধ্যেই পুরোনো ‘ফেক প্রেগন্যান্সি’ বিতর্ক ফের আলোচনায় এসেছে। এবার এ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে অভিনেত্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড ঘিরে।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানির একটি পোস্টে লাইক দিয়েছেন দীপিকা। ওই পোস্টে দীপিকার মাতৃত্বকালীন ছবির প্রশংসা করা হয়। পাশাপাশি ২০২৪ সালে তার প্রথম গর্ভধারণ নিয়ে ছড়ানো গুজবের সমালোচনা করা হয়।
গর্ভধারণ নিয়ে গুজবের সমালোচনা
আরশিয়ার পোস্টে বলা হয়, দীপিকার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন অনেকে। বিষয়টিকে নারীদের শরীর নিয়ে অযাচিত মন্তব্যের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
পোস্টে আরও বলা হয়, দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। তাই এই সময়টিকে তাকে নিজের মতো করে উপভোগ করতে দেওয়া উচিত। একই সঙ্গে বিভিন্ন শারীরিক গড়নের নারীদের গর্ভধারণ নিয়ে সন্দেহ বা কটাক্ষ না করার আহ্বান জানানো হয়।
দীপিকার ওই পোস্টে লাইক দেওয়ার বিষয়টি ভক্তদের নজরে এসেছে। তবে এ নিয়ে অভিনেত্রী আলাদাভাবে কোনো মন্তব্য করেছেন কি না, তা জানা যায়নি।
দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তাদের মেয়ে দুয়াকে হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে দেখা যায়।
এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হন দীপিকা। তাদের মেয়ের নাম রাখা হয়েছে দুয়া। মেয়ের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে রণবীর ও দীপিকা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। সেসব ছবিতে দীপিকার বেবি বাম্পও দেখা যায়।
দীপিকা ও রণবীর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন। ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিংয়ের সময় তাদের সম্পর্কের শুরু হয়। সূত্র: এনডিটিভি


























