দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ পিতা
- আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ পিতা দলু মিয়া। একই ঘটনায় বাবাকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন তার আরেক ছেলে কাবিল মিয়া।
সকাল সাড়ে ৬টার দিকে ফতেজংপুর এলাকার একটি ভুট্টাখেতে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দলু মিয়া নিজ জমির ভুট্টা মাড়াই করতে গেলে তার দুই ছেলে সাদেকুল ও সাকিব এতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি দিয়ে দলু মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার আরেক ছেলে কাবিল মিয়া। এসময় সাদেকুল ও সাকিব তার ওপরও অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।























