দাবানলে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ছে ভয়াবহ আগুন
- আপডেট সময় : ০৬:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শুষ্ক বাতাস, তীব্র তাপ আর দমকা হাওয়ায় ভয়াবহ রূপ নিয়েছে আগুন।জাপানের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল,
যার ফলে বাড়ছে উদ্বেগ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় শুরু হওয়া আগুন ক্রমে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।
দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে স্থলপথ ও আকাশপথে অভিযান চালাচ্ছেন।
রয়টার্সের ফুটেজে দেখা যায়,পাহাড়ি ঢালে ধোঁয়ার কুণ্ডলী উঠছে, বনের গাছপালা আগুনে পুড়ছে। কোথাও হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে, কোথাও জরুরি কর্মীরা আগুনের বিস্তার ঠেকাতে ব্যস্ত।
আগুনের ঝুঁকিতে থাকা কিছু এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় চরম উৎকণ্ঠায় আছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়া, কম বৃষ্টিপাত এবং জোরালো বাতাসের কারণে এ ধরনের দাবানল দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
এদিকে জাপান সরকার ও স্থানীয় প্রশাসন উদ্ধার,
নিরাপত্তা এবং আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।
আগুনের লেলিহান শিখা শুধু বনই পোড়ায় না, পুড়িয়ে দেয় মানুষের স্বস্তিও।জাপানের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের এখন একটাই প্রার্থনা আর তা হলো দাবানল থামুক আর দ্রুত তারা ফিরে পাক তাদের স্বাভাবিক জীবন।























