টাঙ্গাইলে ছাত্রলীগের হামলার শিকার রেজা কিবরিয়া-নুরুল হক নুর
- আপডেট সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৬৯২ বার পড়া হয়েছে
সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হন গণঅধিকারের নেতা ড. রেজা কিবরিয়া এবং সাবেক ভিপি নুরুল হক নুর। দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান।
তিনি জানান, ১২টার দিকে মওলানা ভাসানীর সমাধির কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় শ্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়। মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবির পাল জানান, সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ড. রেজা ও ভিপি নুর শ্লোগান দিলে তার প্রতিবাদ জানানো হয়। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান অতিরক্তি পুলিশ সুপার সরওয়ার হোসেন। সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় প্রতিক্রিয়া দেয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
















