জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ৮ কেজি চিংড়ি মাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝলমলিয়া হাটে অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযান সূত্রে জানা যায়, চিংড়ির ওজন বাড়ানোর জন্য অসাধু উপায়ে মাছের শরীরে জেলি পুশ করে বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে শনাক্ত করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ী আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভেজাল ও অনিরাপদ খাদ্য সম্পর্কে ভোক্তাদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।























