চলতি বছরে যুক্তরাষ্ট্রে হামে তৃতীয় মৃত্যু
- আপডেট সময় : ১২:০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টিতে হামের জটিলতায় ৪০ বছর বয়সী এক নারী মারা গেছেন। শনিবার তার মৃত্যু হয় বলে রোববার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ কাউন্টি করনার গ্রেগ ফার্লংয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।
হাম আক্রান্ত নারী টিকা নেননি
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী হামের কোনো টিকা নেননি। তার মৃত্যুতে চলতি বছর যুক্তরাষ্ট্রে হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
জেফারসন কাউন্টির চিফ ডেপুটি করনার জেসন স্টিভার বলেন, গুরুতর অসুস্থতার ঘটনা তুলনামূলকভাবে কম। তবে এই মৃত্যু হামকে হেলাফেলা না করার বিষয়টি মনে করিয়ে দেয়।
এর আগে আগস্টে পেনসিলভ্যানিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামের কারণে দুজনের মৃত্যু হয়। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এটিই ছিল হামে মৃত্যুর প্রথম ঘটনা। একই সঙ্গে গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভ্যানিয়ায় হামে মৃত্যুর প্রথম ঘটনাও ছিল এটি।
যুক্তরাষ্ট্রে বাড়ছে হাম সংক্রমণ
২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আবারও হাম ছড়িয়ে পড়ছে।
টিকা নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া সংশয় এ পরিস্থিতির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য কর্তৃপক্ষের ওপর অনাস্থাও সংক্রমণ বাড়ার পেছনে ভূমিকা রাখছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট কেনেডি জুনিয়রের বিরুদ্ধেও টিকা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরির অভিযোগ রয়েছে।
২০২৬ সালে আক্রান্ত প্রায় ৩ হাজার ৩০০
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ৩০০ জনের হাম শনাক্ত হয়েছে। এরই মধ্যে এই সংখ্যা ২০২৫ সালের মোট সংক্রমণকে ছাড়িয়ে গেছে। গত বছর দেশটিতে ২ হাজার ২৮৯ জনের হাম শনাক্ত হয়েছিল।
এদিকে, এক বছরে সর্বোচ্চ হাম সংক্রমণের রেকর্ড ১৯৯১ সালের। ওই বছর যুক্তরাষ্ট্রে ৯ হাজার ৬৪৩ জনের হাম শনাক্ত হয়েছিল।
হামের লক্ষণ ও জটিলতা
হামে আক্রান্ত হলে শুরুতে জ্বর, কাশি ও সর্দি দেখা দিতে পারে। কয়েক দিন পর শরীরে লালচে র্যাশ বা ফুসকুড়ি দেখা যায়।
তবে কিছু ক্ষেত্রে হাম গুরুতর জটিলতা তৈরি করতে পারে। এর মধ্যে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ অন্যতম। এসব জটিলতা স্থায়ী শারীরিক ক্ষতি করতে পারে। এমনকি আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে।
সূত্র: এএফপি























