চলতি বছরের জুনে চট্টগ্রাম বে-টার্মিনাল প্রকল্পের কাজ শুরু
- আপডেট সময় : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত বে-টার্মিনাল প্রকল্পের কাজ শুরু করতে চায় চট্টগ্রাম বন্দর। এদিকে, বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থ অক্ষুন্ন রেখেই প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। বে-টার্মিনাল বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে দেশের অবস্থান শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালকে ২০৩০ সালের মধ্যে দৃশ্যমান করতে কাজ করছে সরকার। ইতোমধ্যে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি হয়েছে বিশ্বব্যাংকের সাথে। এ দিয়ে ৬ কিলোমিটার দীর্ঘ এলাকায় ব্রেক ওয়াটার, এক্সেস নেভিগেশন চ্যানেল ও টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রায় ২৩শ’ একরের প্রকল্পটি চালু হলে জোয়ার-ভাটা, দিন-রাত, বাঁকা চ্যানেল কিংবা আকারের কোনো সীমাবদ্ধতা ছাড়াই সর্বোচ্চ ১১ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে বন্দরে।
বিশ্বব্যাংকের অর্থ অনুমোদনের পর কারিগরি সমীক্ষার জন্য প্রস্তত হয়েছে প্রকল্পটি। দুই ধাপে এই কারিগরি সমীক্ষা অনুমোদনে কাজ করছে চট্টগ্রাম বন্দর।
এদিকে, বিদেশি বিনিয়োগ, ঋণের ক্ষেত্রে বন্দরের স্বার্থ অক্ষুন্ন রাখতে চায় মন্ত্রণালয়। লালদিয়া চর টার্মিনাল, বে-টার্মিনাল কিংবা নিউমুরিং টার্মিনালে বিদেশি বিনিয়োগ নিয়ে ধীরে চলো নীতিতে হাঁটতে চায় সরকার। জানালেন নৌ পরিবহন মন্ত্রী।
বে-টার্মিনাল বাস্তবায়ন হলে শুধু চট্টগ্রাম নয়, পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























