গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৯৯৩ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জহিরুল ও মোতালেব। গতরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল আটজনে।
এর আগে একই দিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল ইসলাম ও মইদুল নামে দুজন মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম জানান, ৭০ শতাংশ দগ্ধ আরিফুল ইসলাম আইসিইউ’তে মারা যান। আর ৯৫ শতাংশ দগ্ধ ছিল মহিদুল। গত ১৩ মার্চ ইফতারের আগ মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার এক বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।



























