গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত।
পরে বিক্ষুব্ধ জনতা চোরদের বহনের ট্রাকে আগুন ধরিয়ে দেয়। কালিয়াকৈর থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষোভের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা জানান, চোরচক্রের কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পালিয়ে যাওয়া আসামিদের ধরার চেষ্টা চলছে।


























