কাতারের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
- আপডেট সময় : ০৪:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিশ্বের অন্যতম বৃহৎ তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ কাতারের শিল্পশহর রাস লাফানের বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। গতকালে রোববার সন্ধ্যার দিকে ঘটা এ বিস্ফোরণে আহত হয়েছেন ৫৪ জন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ১৮ জন।
কাতারের রাষ্ট্রয়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এ দুর্ঘটনা। আরও বলা হয়েছে, ফায়ার সার্ভিস এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের সন্ধান পেতে তৎপরতা শুরু হয়েছে। ঘটনাটি রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফানে, যা কৌশলগতভাবে কাতারের খুব গুরুত্বপূর্ণ শহর। দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এই শহরটিতে অবস্থিত। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতের নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রোববার সেই প্ল্যান্টেরকাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে।
























