কর্মসংস্থানের কোনো বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। কর্মসংস্থান ছাড়া শুধু অনুদান দিয়ে একটি পরিবারকে দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা চলছে। তারা ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। এসব সংস্থাকে এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের আহ্বান জানানো হয়েছে, যাতে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। শিল্পকারখানা স্থাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উপকারভোগীর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ, হুইলচেয়ার, বাইসাইকেল, রোগীদের আর্থিক সহায়তার চেক এবং স্বেচ্ছাসেবা তহবিল থেকে চিকিৎসা সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেনসহ উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।























