ইরানের সঙ্গে শিগগিরই আলোচনায় ফিরছে না যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে শিগগিরই আলোচনার টেবিলে ফিরছে না যুক্তরাষ্ট্র। ইরান কবে আলোচনায় ফিরবে, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় ফেরার বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না।
বুধবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার কোনো সময়সূচি নেই, একেবারেই নেই। আমি তাড়াহুড়ো করছি না।”
ইরানকে আলোচনায় ফেরার জন্য কত সময় দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বড় ধরনের সাফল্য অর্জন করছে। তার দাবি, ইরানের অর্থনীতি সংকটে রয়েছে, দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং সরকার জনগণের সঙ্গে খারাপ আচরণ করছে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে। এসব পরিস্থিতির কারণে ইরানকে আলোচনায় ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না তিনি।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাকি সামরিক পদক্ষেপ—কোনটি বেশি কার্যকর? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি, দুটিই কার্যকর।”
আগামী শুক্রবার (২৮ আগস্ট) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ছয় মাস পূর্ণ হবে। দীর্ঘ সময় ধরে সামরিক চাপ প্রয়োগের পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরও জোরদারের কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন।
বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে সংঘাতের প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও পড়তে পারে।





















