ইরানের পরমাণু ইস্যুতে সুর নরম ট্রাম্পের
- আপডেট সময় : ০২:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে নিজেদের আগের অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখে, তবে তা মেনে নিতে প্রস্তুত ওয়াশিংটন। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের তাগিদ দিলেও, এবার ২০ বছরের সময়সীমাকেই যথেষ্ঠ বলছেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। ট্রাম্প দাবি করেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও চীন। একইসাথে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে, অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর, বর্তমানে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনো কাটেনি। সংকট সমাধানে মধ্যস্থতা করছে পাকিস্তান। এর আগে ইসলামাবাদে হওয়া আলোচনায় ইরান ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব দিলেও, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পর এবার খোদ ট্রাম্পই প্রকাশ্যে ২০ বছরের শর্ত জুড়ে দিলেন।


























