ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা
- আপডেট সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং সদ্য স্নাতকদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ‘ইউএনডিপি ডিজিটাল, এআই অ্যান্ড ইনোভেশন ইন্টার্নশিপ: গ্লোবাল কল ফর ২০২৬ ইন্টার্নশিপ’ কর্মসূচির আওতায় তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে বিশ্বের যেকোনো দেশের তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপে নির্বাচিতদের মাসিক ভাতা দেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবন বিষয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন ইন্টার্নরা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্ক তৈরি এবং পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগও থাকছে।
যোগ্যতা
আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। স্নাতক ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এছাড়া স্নাতক, স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন। তবে নির্বাচিত হলে স্নাতকোত্তর হওয়ার এক বছরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই, তথ্য-উপাত্ত, উদ্ভাবন, যোগাযোগ, গবেষণা বা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আগ্রহ কিংবা অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের গবেষণা ও বিশ্লেষণী দক্ষতার পাশাপাশি ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে। স্বাধীনভাবে ও দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং ইংরেজি ভাষায় দক্ষতাও প্রয়োজন।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় প্রার্থীদের আবেদন ফরম, ইংরেজিতে একটি কাভার লেটার এবং সিভি বা কারিকুলাম ভিটা জমা দিতে হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্রও চাওয়া হতে পারে।
আবেদনপ্রক্রিয়া
ইউএনডিপির এই ইন্টার্নশিপে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে ইউএনডিপির নির্ধারিত আবেদন পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।


























