ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের
- আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
বাংলাদেশকে ভারত থেকে নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হলেও এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান অবস্থান দেখছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো অবস্থান দেখা যাচ্ছে না।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, নির্বাচনের পরদিন থেকেই সরকার জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বিশেষ সংবিধান সংশোধন কমিটিকে অসাংবিধানিক বলেও দাবি করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হত্যাকাণ্ড ঘটছে। মেয়েশিশুদের ওপর নির্যাতনও বেড়েছে। এসব ঘটনায় সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী বলে অভিযোগ করেন তিনি।
সংসদ ও আদালতের মধ্যে কোনো ধরনের লুকোচুরি খেলা তাঁর দল চায় না বলেও জানান জামায়াত আমির।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংলাপে জামায়াত কোনো দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে।
সম্প্রতি গোপালগঞ্জের ঘটনাও বক্তব্যে তুলে ধরেন জামায়াত আমির। সেখানে সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা এলাকার নির্যাতিত মানুষের খোঁজ নিয়েছেন কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
মগবাজারে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দেওয়া বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা ও জাতীয় ঐক্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন জামায়াত আমির।




















