সীতাকুণ্ডে নিহত শ্রমিকের ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনের দাবি
- আপডেট সময় : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দ্রুত ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল।
তিনি বলেন, সাম্প্রতিক শিপইয়ার্ড দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সংগঠনের নেতারা বলেন, আন্তর্জাতিক মানের ‘গ্রিন সার্টিফিকেট’ধারী একটি শিপইয়ার্ডে এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসার পাশাপাশি তাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় মালিকপক্ষকে বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্তি, শিপইয়ার্ডে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত সরকারি পরিদর্শন জোরদারের দাবি জানানো হয়।
এ ছাড়া জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের নিম্নতম মজুরি ২২ হাজার টাকা বাস্তবায়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
স্কপ নেতারা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের জন্য দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





















