সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
- আপডেট সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। সম্প্রতি মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান
জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এ সময় প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও নিরাপত্তা সেলের কর্মকর্তারা ছিলেন।
অভিযানে ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোণ, পেয়ারা বাগান, ছাত্রী হল এলাকা ও ইবি লেকে তল্লাশি চালানো হয়।
পরে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ নামের একটি ফেসবুক পেজ থেকে অভিযানের ভিডিও প্রকাশ করা হয়। সেখানে প্রক্টরিয়াল বডির সদস্যদের শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। একই ভিডিওতে প্রক্টরকে জ্বলন্ত সিগারেট হাতে অভিযান পরিচালনা করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী প্রকাশ্যে ধূমপান করে মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
শিক্ষার্থীদের সমালোচনা
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রক্টরকে এভাবে প্রকাশ্যে সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে দেখা শিক্ষার্থীদের জন্য ভালো বার্তা দেয় না। শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরেক শিক্ষার্থী ব্যঙ্গ করে বলেন, মাদকবিরোধী অভিযানে প্রক্টরের হাতে জ্বলন্ত সিগারেটের বিষয়টি বেশ অস্বস্তিকর। ক্যাম্পাস থেকে মাদক নির্মূলের অভিযানে নেতৃত্ব দেওয়া একজন কর্মকর্তার কাছ থেকে আরও সচেতন আচরণ প্রত্যাশিত।
অভিযানে মাদক পাওয়া যায়নি
অভিযানে কী পাওয়া গেছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রক্টরের নির্দেশে ওই রাতে অভিযান চালানো হয়। অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চার-পাঁচটি যুগলকে দেখা গেছে। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রক্টর জানিয়েছেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রক্টরের বক্তব্য পাওয়া যায়নি
এ বিষয়ে বক্তব্য জানতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

























