আবারো লাক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম
- আপডেট সময় : ১১:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ২৩৩৬ বার পড়া হয়েছে
দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)- এর স্বনামধন্য ব্র্যান্ড লাক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। এর আগে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন মীম।
রাজধানী ঢাকার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর কর্পোরেট অফিসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)- এর পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে ও বিদ্যা সিনহা মীমের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়।
ইউবিএল- এর পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে বলেন, “আমাদের অন্যতম লাক্স সুপারস্টার মীমকে পুনরায় লাক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।”
লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মীম বলেন, “লাক্স এমন একটি ব্র্যান্ড যার সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর, কেননা লাক্স সুপারস্টারের মাধ্যমেই মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল!”
২০০৭ সালের ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ মীম চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব অর্জন করেন। লাক্স সুপারস্টারের মুকুট অর্জনের পর থেকে মীম চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনসহ প্রত্যেক পারফরম্যান্সের ক্ষেত্রে তার অনন্য মেধার পরিচয় দিয়েছেন।



























