রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় তপন বকসীকে
- আপডেট সময় : ১২:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় চান্দিনা উপজেলার হারং বকসী বাড়ির পারিবারিক শ্মশানে গার্ড অব অনার শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
তপন বকসী দীর্ঘদিন চান্দিনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি চান্দিনা থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও তিনি ভূমিকা রাখেন।
গত ২০ আগস্ট সকালে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে চান্দিনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





















