রাষ্ট্রপতির আগমন ঘিরে সাজছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর
- আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে শহরের সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।
আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসার কথা রয়েছে রাষ্ট্রপতির। সফরকে সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজিয়ে তোলা হচ্ছে।
নাগরিক সংবর্ধনার প্রস্তুতি
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সংবর্ধনার মঞ্চ নির্মাণের কাজ চলছে। শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিভাইডারে নতুন করে রঙ করা হচ্ছে। সড়কের পাশের এলাকাগুলোও পরিষ্কার করা হচ্ছে।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির বলেন, রাষ্ট্রপতির প্রথম সফর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ সংবর্ধনায় অংশ নেবেন বলে আশা করছেন তারা।
উন্নয়ন নিয়ে প্রত্যাশা
রাষ্ট্রপতির সফর ঘিরে আনন্দের পাশাপাশি জেলার উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হোক।
স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের সন্তান। রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় আসা তাদের জন্য গর্বের বিষয়।
শিক্ষার্থী আয়শা আক্তার বলেন, তরুণদের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।
জোরদার নিরাপত্তা
সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও অনুষ্ঠানস্থলে বাড়ানো হয়েছে নজরদারি। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরাও ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, ৫ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। রাষ্ট্রপতির যাতায়াতের সড়ক, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সফরের প্রথম দিন রাষ্ট্রপতির বাবা-মায়ের কবর জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার।
সব মিলিয়ে রাষ্ট্রপতির আগমন ঘিরে বদলে যাচ্ছে ঠাকুরগাঁও শহরের চিত্র। আনন্দের পাশাপাশি জেলার উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশায় অপেক্ষা করছেন ঠাকুরগাঁওবাসী।























