ময়মনসিংহের ‘পাগলা’ এলাকার নাম পরিবর্তনের উদ্যোগ, স্থানীয়দের ক্ষোভ
- আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের পর ঐতিহ্যবাহী ‘পাগলা’ এলাকার নাম পরিবর্তন করে ‘আদর্শনগর’ করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এলাকাবাসীর অভিযোগ, তাদের মতামত না নিয়েই এবং কোনো গণশুনানি ছাড়াই নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী ‘পাগলা’ নাম বহাল রাখার দাবিতে অটল স্থানীয়রা।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মুখী শাহ মিসকিন মাজার। সাধু, দরবেশ আর ভক্তদের মিলনমেলায় আধ্যাত্মিক গান আর জিকিরে সর্বদাই মুখরিত থাকে এই প্রাঙ্গণ।
ইতিহাস বলে, বহু বছর আগে গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরে ৫ জন অলি এবং ১ জন আধ্যাত্মিক পাগলের আগমন ঘটেছিল। মূলত ইসলাম প্রচারে সাধু ও দরবেশদের আগমনের কারণেই এই অঞ্চলটির নাম হয় ‘পাগলা’।
অবহেলিত ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই পাগলা অঞ্চলকে নতুন উপজেলা করা ছিল ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী প্রতিশ্রুতি। সেই অনুযায়ী শুরু হয় নতুন উপজেলা স্থাপনের কাজও।
তবে বিতর্ক শুরু হয় গত ৩০ মার্চ এমপি’র দেয়া একটি ডিও লেটার ঘিরে। যেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আগ্রহে ঐতিহ্যবাহী ‘পাগলা’ নাম বদলে নতুন নাম রাখা হয় ‘আদর্শনগর’। একই সাথে প্রস্তাবিত উপজেলা সদরটি কেন্দ্রে না করে, এমপির নিজ বাড়ির উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজায় করার প্রস্তাব আসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
এদিকে নাম পরিবর্তনের প্রক্রিয়া ও গণশুনানি নিয়ে খোদ প্রশাসনের কর্মকর্তাদের মাঝেই রয়েছে চরম ধোঁয়াশা এবং পরস্পরবিরোধী বক্তব্য।
বর্তমানে নতুন এই উপজেলা গঠনের প্রস্তাবনাটি প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটি- নিকার টেবিলে ওঠার অপেক্ষায় রয়েছে। তবে ঐতিহ্য বনাম আধুনিকতার এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত ‘পাগলা’ নাম টিকে থাকবে নাকি ‘আদর্শনগর’ হবে, তার ওপরই নির্ভর করছে স্থানীয়দের সন্তুষ্টি।















