ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
- আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে বড় সুখবর। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে পুরস্কার পেয়েছে নির্মাতা রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
শুক্রবার রাতে বাংলাদেশ সময় প্রায় ১১টার দিকে সিনেমাটির নির্মাতা রুবাইয়াত হোসনের হাতে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস—প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনিসের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগ সিনেমাটিকে এই স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ইতিহাস
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেয়। ফলে সিনেমাটির এই অর্জন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
পুরস্কার পাওয়ার পর রুবাইয়াত হোসন বলেন, ভেনিসের মতো গুরুত্বপূর্ণ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার মধ্য থেকে নিজের চলচ্চিত্র নির্বাচিত হওয়া অত্যন্ত সম্মানের। এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
নারীর শরীর ও আত্মপরিচয়ের গল্প
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্মিত হয়েছে নারীর শরীর, আত্মপরিচয় এবং নিজের শরীর নিয়ন্ত্রণের অভিজ্ঞতাকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে শেখে, আবার কখনো সেই শরীরকেই ভয় করতে শেখে—সেই ভাবনা থেকেই সিনেমাটির গল্পের সূত্রপাত।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।
গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার হয়। ভেনিসের পাশাপাশি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ১২ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল বিভাগে মূল পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে।


























