ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে গিয়ে ডাকাত দলের হামলার শিকার ৩ র্যাব সদস্য
- আপডেট সময় : ১২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রেব-৯ এর সিপিসি-১ এর গোয়েন্দা সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর এবং প্রায় তিন ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী সফিক ওরফে ডাকাত সফিক ও তার বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে ৩ জন।
সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় সার্জেন্ট ফারুক কোনোভাবে স্থান ত্যাগ করতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশাররফ বিজিবি, কনস্টেবল মো. কাজল মিয়া ও কনস্টেবল মো. আব্দুল মালেককে আটক করে বেধড়ক মারধর করা হয়। পরে তাদের একটি বাড়িতে নিয়ে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে খবর পেয়ে রেব সিপিসি-৯ এর একটি দল ঘটনাস্থল ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশের সহায়তায় অবরুদ্ধ তিন রেব সদস্যকে উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।























