বেনাপোল সীমান্তে পুশ ইন ঠেকাতে অতিরিক্ত বিজিবি মোতায়েন
- আপডেট সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে যেকোনো মূল্যে পুশইন ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বেনাপোল সীমান্তের কয়েকটি স্পর্শকাতর এলাকায় বিজিবি সদস্যদের জোরদার ও কড়া টহল। এ সময় সীমান্ত সুরক্ষায় স্থানীয় সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহযোগিতা করে।
গেলো ৩১ মে রাতে বেনাপোল রুটে বিএসএফ সীমান্তের সব আলো নিভিয়ে শতাধিক নারী ও শিশুকে ধরে ‘বাংলাদেশি’ দাবি করে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবির কঠোর তৎপরতা ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফের সেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সূত্র জানায়, পুশইন করার উদ্দেশ্যে ওপারে বিএসএফের বিভিন্ন হোল্ডিং সেন্টারগুলোতে প্রচুর মানুষ জড়ো করে রাখা হয়েছে। এই পুশইন রোধে আগের চেয়ে বেনাপোল সীমান্তে দেড় গুণ বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নানা নাটকীয়তার পর শিশুসহ দশ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করতে ব্যর্থ হয়েছে বিএসএফ। পরে, আন্তর্জাতিক শুন্য রেখা থেকে তাদের সরিয়ে নিয়েছে। কয়েক দিন ধরে বিএসএফের পুশইন অপচেষ্টায় উত্তরের প্রবেশ দ্বার পঞ্চগড়ের ২৭৮ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারী করেছে বিজিবি।
লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর পুশ ইন অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি’র প্রতিরোধে পুশ ইন করানোর জন্য নিয়ে আসা মানুষদের আবারো ভারতের অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করেছে বিজিবি।























