বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালীর জনজীবন
- আপডেট সময় : ০৩:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীর জনজীবন। একটানা বর্ষণে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৫১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা—মাত্র তিন ঘণ্টায় ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অতিভারী এবং বিরল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত নয় দিন ধরেই জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বর্ষণে শহর ও গ্রামের নিচু এলাকা, বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও প্রাঙ্গণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক নিম্নাঞ্চলের পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি রিকশা, ভ্যান, সিএনজি, মোটরসাইকেল চালক ও দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এদিকে, টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় রয়েছেন আমন ধান ও মৌসুমি সবজি চাষিরা। জমিতে অতিরিক্ত পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
























