বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল
- আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। পেশির ক্লান্তির কারণে অধিনায়ক লিও মেসিকে বেঞ্চে রেখেই হন্ডুরাসকে দুই-শূন্য গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, আরেক প্রীতি ম্যাচে মিসরের বিপক্ষে দুই-এক গোলের কষ্টার্জিত জয় পেয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। এরপর দ্বিতীয়ার্থের শুরুতে জিউলিয়ানো সিমিওনের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে লিওনেল স্ক্যালোনির দল। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে হাই-ভোল্টেজ ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের গোলে সেলেসাওরা এগিয়ে যাওয়ার পর, মোস্তফা জিকোর গোলে সমতা ফেরায় মিসর। তবে বিরতির পর তরুণ সেনসেশন এন্দ্রিকের চমৎকার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ২ ম্যাচে ৮ গোল দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের আত্মবিশ্বাস দারুণভাবে ঝালিয়ে নিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

























