বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হামলায় স্কুলছাত্র নিহত, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০২:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত জামিল শেখ শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং আগামী এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান জামিল শেখ। অভিযোগ রয়েছে, এ সময় একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও একটি চাতালের ব্যবস্থাপক শাকিল আহমেদ ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান। কিল, ঘুষি ও লাথির আঘাতে জামিল মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের বাবা রফিকুল ইসলাম চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























