ফেনীতে মুক্তিযোদ্ধার বীর নিবাসে আগুন, আতঙ্কে পরিবার
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ফেনীতে মুক্তিযোদ্ধার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল দাগনভূঞার উত্তর শ্রীধরপুর গ্রাম।
ঘরটি মুক্তিযোদ্ধা হাবিলদার গেয়াস উদ্দিনের। সরকারি অর্থায়নে এটি নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় ‘বীর নিবাস’।
মুক্তিযোদ্ধার ছেলে সালা উদ্দিন জানান, রাতে দুর্বৃত্তরা জানালার কাচ ভাঙে। এরপর পর্দায় আগুন ধরিয়ে দেয়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় ঘরের মূল্যবান জিনিসপত্র।
পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
এ ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবারটি।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযানও অব্যাহত রয়েছে।
























