ফরিদপুরে বিনামূল্যে এক হাজার মানুষকে চিকিৎসাসেবা
- আপডেট সময় : ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।
দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসা পরামর্শের পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।
২৭ ওয়ার্ড ও ১২ ইউনিয়নে ক্যাম্প আয়োজনের পরিকল্পনা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
পরে তিনি ক্যাম্পের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন। একই সঙ্গে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সাবেক যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাত্তার, ফরিদপুর ডায়াবেটিক সমিতির এডহক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, বিএনপি নেতা রঞ্জন চৌধুরী, রেজাউল ইসলাম, গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু এবং মহিলা দলের সভানেত্রী নাজরিন রহমানসহ অনেকে।
ক্যাম্পে চিকিৎসকদের বড় একটি দল ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।























