প্রাথমিকের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- আপডেট সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৪ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগ
প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদায়নের জন্য বদলি কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। নতুন শিক্ষকদের পদায়ন শেষ হলে আবার বদলি কার্যক্রম শুরু হবে।
ববি হাজ্জাজ বলেন, ‘১৪ হাজারের বেশি যে নিয়োগ হবে, তার জন্য সব বদলি এখন স্থগিত। ১৪ হাজারের পদায়ন হয়ে গেলে নতুন করে আবার বদলি চালু হবে।’
১ অক্টোবর থেকে নতুন শিক্ষকদের যোগদান
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তাদের যোগদান শুরু হবে আগামী ১ অক্টোবর।
এরপর ৪ অক্টোবর থেকে নতুন শিক্ষকদের পদায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ফলে তাদের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ থাকবে।
বদলির নতুন নীতিমালা নিয়ে পরে সিদ্ধান্ত
প্রতিমন্ত্রী আরও জানান, নতুন শিক্ষকদের পদায়ন শেষে বদলি কার্যক্রম আবার চালু হলে বর্তমান নীতিমালা অনুসরণ করা হবে কি না, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে তিনি বলেন, বর্তমান নীতিমালায় বদলি কার্যক্রম চলবে, নাকি নতুন কোনো নিয়ম করা হবে—সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
























