প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মুরাদনগরে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী এবং মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচি পালিত হয়। প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি রোগীদের হাতে খাবার তুলে দেওয়া হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। খাবার পেয়ে রোগী ও শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়। পাশাপাশি তাঁর মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতির জন্যও দোয়া করা হয়।
আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।
কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
























