পিরোজপুরে আদালত চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- আপডেট সময় : ১২:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে। সেখানে দায়িত্ব পালন করছিলেন এক পুলিশ সদস্য।
এ সময় তাকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। প্রথম ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
ককটেল বিস্ফোরণের শব্দে আদালত ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে।
অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে হামলার সন্দেহ
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।




















