প্রটোকল ভঙ্গ, স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার
- আপডেট সময় : ১২:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ করে এগিয়ে আসার চেষ্টার ঘটনার পরপরই তাকে বদলি করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) জারি করা এক সরকারি আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ইউসুফ আলীকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আদেশ জারির পর মঙ্গলবারই রাজশাহী ছেড়েছেন ইউসুফ আলী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বদলি
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।
এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ করে ঝুঁকে সামনে এগিয়ে আসার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পরপরই তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।
দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর সফর
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে মঙ্গলবার সফরে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরের অংশ হিসেবে সকাল পৌনে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পরে রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে যান প্রধানমন্ত্রী। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
এদিকে বিভাগীয় কমিশনারের দায়িত্ব থেকে ইউসুফ আলীকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
























